প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬ ১৪:০৪ (শুক্রবার)
জিন্দাবাজারের সেই মার্কেট খালি করতে অভিযানে প্রশাসন

সিলেট নগরীর ব্যস্ত জিন্দাবাজার এলাকায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ওভারসিজ সেন্টার থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর জেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার মোঃ পারভেজ। এসময় সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

মোঃ পারভেজ জানান, ভবনটি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে এবং বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে এটি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সময়ে দোকানপাট সরানোর জন্য জেলা প্রশাসনের নোটিশ দেওয়া হলেও তা ব্যবসায়ীরা মানেননি। এর ফলে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অভিযান পরিচালনা করা হয়েছে। ভবনের বিভিন্ন তলায় থাকা অন্তত ১৮টি দোকানের মালপত্র দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। দোকান মালিকরাও দ্রুত মালপত্র সরিয়ে নিচ্ছেন।

তিনি আরও জানান, ভবনটি ভেঙে ফেলার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে এখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এর আগ গত মার্চে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমও ভবনটি দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দেন এবং ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে ভবন খালি করার চূড়ান্ত সতর্কবার্তা দেন। ভবনটি ব্যবহারযোগ্যতার মেয়াদ শেষ হওয়ায় রমজানের পরপরই ভাঙার কাজ শুরু হওয়ার কথা ছিল এবং নতুন ভবনে পুরোনো ব্যবসায়ীদের অগ্রাধিকার দেয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। উল্লেখ্য, এর আগেও ফেব্রুয়ারির মধ্যে ভবন খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তা বাস্তবায়িত না হওয়ায় এবার কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন।