প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬ ১৪:৪৪ (শুক্রবার)
সিলেট দোকান ও পরিবহন নিয়ে নতুন নির্দেশনা: পুলিশের সাথে সমিতির বৈঠক

সিলেটে দোকান খোলা রাখা ও পরিবহন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায়  এসএমপির সদর দপ্তরের সভাকক্ষে  দোকান মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেয়া হয়।

সভায় দোকান মালিক ও পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। পুলিশ কমিশনার সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সিলেট মহানগরীর সকল শপিংমল, মার্কেট, বিপণিবিতান, দোকানপাট, মেলা বা বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। এ নির্দেশনা অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে হোটেল ও রেস্তোরাঁ, কাঁচাবাজার, ফার্মেসি এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ নির্দেশনার আওতায় পড়বে না।

পুলিশ কমিশনার আরও জানান, যেসব ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়েছে, সেগুলো শর্তসাপেক্ষে মালিকদের নিকট ফেরত দেওয়া হবে। পাশাপাশি মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা বিক্রয়কারী প্রতিষ্ঠান ও শোরুম দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং দোকান মালিক ও পরিবহন শ্রমিক সমিতির নেতৃবৃন্দ।