পেশাদার কণ্ঠশীলন ও কণ্ঠের সঠিক যত্নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে টেলিভিশনের কর্মরত গণমাধ্যমকর্মী এবং বেতার উপস্থাপকদের নিয়ে আয়োজিত হয়েছে বিশেষ এক কর্মশালা। বুধবার বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে নগরীর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), ভয়েজ এন্ড মিডিয়া আর্টস একাডেমি এবং ডা. হাফিজ ইএনটি কেয়ারের যৌথ উদ্যোগে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সিলেটের ইমজা হলে আয়োজিত এই কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল হাফিজ (শাফী)। তিনি তার মূল প্রেজেন্টেশনে কণ্ঠের বিজ্ঞানসম্মত ব্যবহার, সুরক্ষার কৌশল এবং সম্ভাব্য জটিলতাগুলো তুলে ধরেন। পাশাপাশি কন্ঠকে ভালো রাখতে নানান পরামর্শ দেন তিনি ।
এর আগে সিলেট ভয়েজ এন্ড মিডিয়া আর্টস একাডেমির পরিচালক ও এখন টেলিভিশনের ব্যুরো প্রধান গোলজার আহমেদ এর উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইমজা নিউজের সম্পাদক ও ইমজার সাবেক সভাপতি দেবব্রত ঘোষ চৌধুরী । এছাড়া বাংলাদেশ বেতার সিলেটের উপস্থাপকদের সংগঠন রেডিও এনাউন্সার ক্লাবের সভাপতি সৈয়দা হাসনা আক্তার ও সংবাদ পাঠক সংসদের সহসভাপতি শিমুল আক্তার বক্তব্য রাখেন । বক্তব্যে বক্তারা বলেন গণমাধ্যমের কর্মজীবনে কণ্ঠই একটি প্রধান হাতিয়ার। তাই কণ্ঠের স্বাস্থ্য সম্পর্কে সবার ধারণা থাকলে পেশাগত মানোন্নয়ন আরো বাড়বে।
আয়োজক হিসেবে ইমজা ও ভয়েজ এন্ড মিডিয়া আর্টস একাডেমির পক্ষ থেকে জানানো হয়, সংবাদকর্মী ও কণ্ঠ পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। আগামীতেও সাংবাদিকদের জন্য এই ধরণের সময়োপযোগী ও রুচিশীল কর্মশালা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা।
দুপুর ২টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এই কর্মশালায় সিলেটের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বেতারের সংবাদ পাঠক-পাঠিকা মিলিয়ে প্রায় ৪০ জন পেশাজীবী অংশ নেন।