ছবি: সংগৃহীত
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ-এর অধীনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে আগামী ১৮ এপ্রিল নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হতে আর কোনো বাধা নেই।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর আগে একই দিন এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিম-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নিয়োগ পরীক্ষা দুই মাসের জন্য স্থগিতের নির্দেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল। আদেশের পর তিনি সাংবাদিকদের জানান, আগামী শনিবার অনুষ্ঠিতব্য এই নিয়োগ পরীক্ষা দুই মাসের জন্য স্থগিত করা হয়েছিল। পাশাপাশি এনটিআরসিএ কর্তৃক গত ২৫ মার্চ জারি করা সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতাও স্থগিত করা হয়।
জানা যায়, গত ২৯ জানুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ১৩ হাজার ৫৫৯টি শূন্য পদে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়। ওই বিজ্ঞপ্তিতে শিক্ষকদের ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল।
রিটকারীদের অভিযোগ, আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার ১৯ থেকে ২৫ দিনের মধ্যে জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় পরিবর্তন এনে অভিজ্ঞতার শর্ত বাড়িয়ে ১৮ বছর করা হয়। এতে পূর্বে আবেদন করা অনেক প্রার্থী অযোগ্য হয়ে পড়েন। পরে ২৫ মার্চ আগের বিজ্ঞপ্তি বাতিল করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।
এ সংশোধিত বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে দেশের বিভিন্ন এলাকার ১১৪ জন আবেদনকারী হাইকোর্টে রিট দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন- কেন এই সংশোধিত বিজ্ঞপ্তি অবৈধ ও আইনগত ক্ষমতার বাইরে ঘোষণা করা হবে না।
তবে চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করায় নির্ধারিত সময়েই ১৮ এপ্রিল পরীক্ষা আয়োজনের পথ পরিষ্কার হলো।