প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬ ১৯:৫৩ (শুক্রবার)
শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরাতে ‘মোটিভেশনাল কার্যক্রম’ চালুর নির্দেশ

ছবি: সংগৃহীত

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাড়ির বাইরে ঘোরাঘুরি কমিয়ে পড়ার টেবিলে ফেরাতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে বিশেষ ‘মোটিভেশনাল’ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তর থেকে অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, মাদকের কুফল রোধ, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করার লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে।

এতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিদ্ধান্ত এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি, নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ এবং সহপাঠ কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতেও এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্দেশনায় কলেজগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় সচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং প্রয়োজনীয় ‘মোটিভেশনাল কার্যক্রম’ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।