প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ ১৩:১৫ (শনিবার)
সিলেটে বজ্র ও শিলা বৃষ্টির আভাস

সিলেটসহ দেশের সাত বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি। 

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ‍পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে- এ অবস্থায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল, ময়মনসিংহ নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জের নিকলিতে ১ মিলিমিটার করে বৃষ্টিপাত হয়েছে।