সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ট্রাকচাপায় শাহরিয়ার হোসেন (২০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে পৌর শহরের ইকড়ছই অটোরিকশা স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার নোয়াগাঁও গ্রামের কমলা মিয়ার ছেলে। তিনি জগন্নাথপুরের ইকড়ছই এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে একটি মালবাহী ট্রাক জগন্নাথপুর পৌর এলাকায় শাহরিয়ারকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন, “ঘাতক ট্রাক ও সেটির চালককে আটক করা হয়েছে।”