প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ ১৫:১২ (শনিবার)
সিলেটে প্রেমিকাকে ফেরত নয়তো ২ লাখ টাকা চান সাকিব

সিলেট জেলার ওসমানীনগর থানাধীন উমরপুর বাজার এলাকার এক নারী বিবাদীর কাছ থেকে নগ্ন ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি পেয়ে র‌্যাব-৯ শনিবার (১৮ এপ্রিল) অভিযান চালিয়ে একমাত্র আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত যুবকের নাম মাছরুর আহমদ সাকিব (২৬)। তিনি কানাইঘাটের কানাইঘাট বাজার এলাকার নিজাম উদ্দিনের ছেলে। 

র‌্যাব জানায়, ভিকটিমের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সাকিবের। সম্পর্ক চলাকালীন ভিকটিম তার ব্যক্তিগত ছবি ও ভিডিও বিবাদীকে প্রদান করেন। পরে ভিকটিম অন্যত্র বিয়ে করলে সাকিব বিভিন্ন সময় ভিকটিমকে হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠিয়ে তাকে তার কাছে ফিরে আসার জন্য চাপ দেয়। গত ১২ এপ্রিল রাতে সে ভিকটিমকে কল ও ভয়েস মেসেজের মাধ্যমে হুমকি দেয়, যদি সে ফিরে না আসে তবে সব ছবি ও ভিডিও ভিকটিমের শশুর বাড়ির লোকজনসহ আত্মীয়-স্বজন এবং বিভিন্ন পর্ণ সাইটে ছড়িয়ে দেওয়া হবে।

ভিকটিম বিষয়টি তার পিতাকে জানান। পরে পিতা বিষয়টি মীমাংসার জন্য সাকিবকে ফোন করে অনুরোধ করেন। এ সময় সাকিব ৫ দিনের মধ্যে ২ লাখ টাকা না দিলে ভিডিও প্রকাশ করার হুমকি দেন। পরে ভিকটিম নিজে বাদী হয়ে সিলেট জেলার ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কানাইঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সাকিবকে গ্রেফতার করে।