ছবি: সংগৃহীত
সিলেট মেট্রোপলিটন পুলিশের পরিচালিত পৃথক অভিযানে চলতি বছরের ১ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ছিনতাইকারী, মাদককারবারি, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এ সময়ে ৫৪ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে, যা নগরীর ছিনতাই দমনে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এছাড়া বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে চোর, ডাকাত, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদেরও আটক করা হয়।
অভিযানে ১,০১৪ পিস ইয়াবা, ৭১০ বোতল বিদেশি মদ, ৮৫ লিটার চোলাই মদ এবং ১ কেজি ৭৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সময়ে ৪৯ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া ২৭ জন চোর ও ডাকাত গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যও জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে- ১৫০ কেজি জিরা, ২,৪৮০ কেজি ফুসকা, ২,৫২০ পিস চকলেট, ১৪টি মহিষ, ১০,৪৪০ পিস চশমা, ২,১৪,০৫০ টাকার কসমেটিক্স, ২৭টি শাড়ি এবং ৭৫ বস্তা চা পাতা।
একই সময়ে ট্রাফিক বিভাগ ১,৬৫৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এর মধ্যে ৬৪৩টি মামলায় জরিমানা এবং ১,০১১টি যানবাহন আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।