ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে ভোক্তা পর্যায়ে তেলের দাম সমন্বয় করেছে সরকার।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম ১৯ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৩৫ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে প্রতি লিটার ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এনামুল হকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল ১৯ এপ্রিল থেকে কার্যকর হবে।
চলমান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। বিভিন্ন স্থানে জ্বালানি পেতে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হচ্ছে ভোক্তাদের।
উল্লেখ্য, এর আগে চলতি মাসের শুরুতে সরকার জানিয়েছিল আপাতত জ্বালানির দাম বাড়ানো হবে না। তবে পরিস্থিতির পরিবর্তনের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন করে মূল্য বৃদ্ধি করা হলো।
এর আগে সর্বশেষ চলতি বছরের ১ ফেব্রুয়ারি জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন করে দাম বৃদ্ধির ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।