প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬ ১৪:৫৪ (সোমবার)
বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও আমরা সামান্য বাড়িয়েছি

আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে তেল আমদানিতে সরকার দুই বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ করেছে। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের বলেন, “বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরও আমরা জনগণের কষ্ট বিবেচনা করে দেশে তেলের দাম খুব সামান্য বৃদ্ধি করেছি।”

মন্ত্রী জানান, যুদ্ধ শুরুর আগে তেলের দাম যা ছিল, বর্তমান বাজারে তা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। দাম বৃদ্ধির কারণে সরকারের ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরি হলেও জনগণের স্বস্তির কথা চিন্তা করে সরকার তেলের দাম সম্পূর্ণ অনুপাতে বৃদ্ধি করেনি।

ইকবাল হাসান আরও বলেন, সরকার ভর্তুকি দিয়ে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। জনগণের ভোগান্তি কমাতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে এই বাড়তি ব্যয়ের বোঝা সরকার নিজেই বহন করছে এবং সীমিত পরিসরে দাম সমন্বয় করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ রবিবার (১৯ এপ্রিল) থেকে দেশব্যাপী বিক্রি হচ্ছে নতুন দামে জ্বালানি তেল। পেট্রলের দাম লিটার প্রতি ১৯ টাকা, অকটেনের দাম লিটার প্রতি ২০ টাকা এবং ডিজেলের দাম বেড়ে লিটার প্রতি ১৫ টাকা হয়েছে। এর ফলে প্রতি লিটার অকটেনের দাম দাঁড়িয়েছে ১৪০ টাকা, পেট্রলের দাম ১৩৫ টাকা এবং ডিজেলের দাম ১১৫ টাকা। কেরোসিনের দামও বৃদ্ধি পেয়ে প্রতি লিটার ১৩০ টাকা হয়েছে।