প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬ ১৭:৩৬ (সোমবার)
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) রাতের অভিযানে উপজেলার গোবিন্দগঞ্জ লালপুল এলাকার মুখ থেকে তাকে আটক করা হয়।

রোববার দুপুরে আটককৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে আদালতে পাঠালে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাবাজ আলী (৫৪)। তিনি ছৈলা আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গয়াছ আহমদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

সাবাজ আলী উপজেলার শিবনগর গ্রামের মৃত সমুজ আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ সাবাজ আলীকে আটক করা হয়। দীর্ঘদিন ধরেই তিনি ও তার একটি সহযোগী চক্র গোবিন্দগঞ্জ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও জানান, আটকের পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে পুলিশ আরও কঠোর হবে বলে থানা সূত্রে জানা গেছে।