প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬ ১৯:৩৮ (সোমবার)
জ্বালানি সাশ্রয়ে হাইকোর্টে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট

ছবি: সংগৃহীত

বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগ-এ সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত নির্দেশনায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনীয়তা বিবেচনায় আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করে প্রতি সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে বলা হয়, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সব বেঞ্চ অফিসার এবং দ্বৈত বেঞ্চের অন্তত একজন বেঞ্চ অফিসারকে তাদের ই-মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নম্বরসহ নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে আইটি শাখায় উপস্থিত হয়ে আগামী সোমবার (২০ এপ্রিল) এর মধ্যে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে রোববার থেকে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের জন্য ৬৩টি বেঞ্চ গঠন করেছেন, যার মধ্যে ২৯টি একক এবং ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।