প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬ ২০:০৬ (সোমবার)
লিবিয়ায় উপকূলে এক বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর ম র দে হ উদ্ধার

ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়া-র পশ্চিম উপকূল থেকে বাংলাদেশিসহ অন্তত ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাই ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশী বলে ধারণা করা হচ্ছে। খবর জানিয়েছে রয়টার্স।

শনিবার (১৮ এপ্রিল) ত্রিপোলি-ভিত্তিক চিকিৎসকদের একটি দল এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানায়, রাজধানী থেকে প্রায় ১১৭ কিলোমিটার পশ্চিমে জুওয়ারা উপকূল থেকে গত কয়েক দিনে মরদেহগুলো উদ্ধার করা হয়।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া ১৭ মরদেহের মধ্যে ১৪ জনকে যথাযথ নিয়মে দাফন করা হয়েছে। শনাক্ত হওয়া বাংলাদেশি নাগরিকের মরদেহ ত্রিপোলিতে অবস্থানরত তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুই মরদেহের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা মরদেহগুলো সাদা প্লাস্টিক ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তুলছেন।

উল্লেখ্য, লিবিয়ার গৃহযুদ্ধ ২০১১-এর পর থেকে দেশটি ইউরোপগামী অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের মানুষ যুদ্ধ, দারিদ্র্য ও অনিশ্চয়তা থেকে বাঁচতে লিবিয়া হয়ে বিপজ্জনক মরুভূমি ও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।