ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার পেরাক রাজ্যের লুমুত এলাকার বন্দর বারু সেগারি অঞ্চলে একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে ৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময়ে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে এই আটক কার্যক্রম সম্পন্ন হয়। একই অভিযানে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইন্দোনেশিয়ার দুই নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। তারা ওই আস্তানার দেখাশোনা ও লোকজন পরিবহনের দায়িত্বে ছিল বলে জানা গেছে।
মানজুং জেলা পুলিশের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার হাসবুল্লাহ বিন আব্দুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা পুলিশ সদর দফতর এবং সামুদ্রিক পুলিশের গোয়েন্দা ইউনিট যৌথভাবে দুটি পৃথক বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃতদের মধ্যে ৪৭ জন পুরুষ, ২৫ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা মূলত ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নাগরিক।
আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মানজুং জেলা পুলিশ সদর দফতরে নেওয়া হয়েছে। মানবপাচারের অভিযোগে গ্রেফতার হওয়া ইন্দোনেশিয়ার দুই নাগরিকের বিরুদ্ধে ২০০৭ সালের মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইনের অধীনে এবং ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সন্দেহজনক কার্যক্রম বা তথ্য থাকলে মানজুং পুলিশ কন্ট্রোল রুমের ০৫-৬৮৮ ৬২২২ নম্বরে অথবা হটলাইন ০১৭-৬৮২ ৮০৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।