প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬ ১৬:৪৮ (সোমবার)
ওই সময় দেশের চাহিদা মিটিয়ে খাদ্য বিদেশেও রপ্তানি করা হয়েছিল: সিলেটে মন্ত্রী আরিফ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ভুগলিখাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জৈন্তাপুরের বাস্তবায়নে এই খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে খাল খনন কর্মসূচির মাধ্যমে এক সময় দেশ খাদ্য ও ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। ওই সময় উৎপাদিত খাদ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে কৃষিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার অংশ হিসেবে নতুন করে খাল খনন এবং ভরাট হয়ে যাওয়া খালগুলো সেচের আওতায় আনতে পুনঃখনন কার্যক্রম অব্যাহত রয়েছে।

এর আগে একই দিন সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী। পরে বেলা সাড়ে ১১টার দিকে তিনি উপজেলার চারিকাটা ইউনিয়নে বিএডিসি বাস্তবায়নাধীন সিলেট বিভাগের ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় জাফরাং খাল পুনঃখনন কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

অনুষ্ঠান ও পরিদর্শনকালে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা পদ্মসন সিংহ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৩ নং চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শুক্কুর, সিলেট মহানগর কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইলিয়াস, ইউপি সদস্য আখলাকুল আম্বিয়া, প্রবাসী বিএনপি নেতা গিয়াস উদ্দিন আল মামুনসহ স্থানীয় কৃষক ও খাল পুনঃখনন কাজে নিয়োজিত শ্রমিকরা উপস্থিত ছিলেন।