প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬ ১৯:৫২ (সোমবার)
জুনে বিসিবি নির্বাচন

ছবি: সংগৃহীত

আগামী জুন মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালে প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তামিম বলেন, অ্যাডহক কমিটির তিন মাসের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম এর নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের সভাপতিত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। সেদিনই জানানো হয়েছিল, তিন মাসের মধ্যে নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করা হবে।

উল্লেখ্য, আগামী ৭ জুলাই অ্যাডহক কমিটির তিন মাস মেয়াদ পূর্ণ হবে। তার আগেই নির্বাচন সম্পন্ন করতে চান তামিম ইকবাল।

এর আগে গত বছরের অক্টোবরে সর্বশেষ বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় তামিম ইকবালের নেতৃত্বে একটি প্যানেল পরিচালক পদে মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ায়। পরবর্তীতে আমিনুল ইসলাম এর নেতৃত্বে ২৫ জন পরিচালক নির্বাচিত হন।