প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬ ১৯:৫৭ (মঙ্গলবার)
নিবন্ধন পরীক্ষা ছাড়া সরাসরি নিয়োগ দেবে এনটিআরসিএ

ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিয়োগ ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ শিক্ষকদের নিয়োগ পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই ব্যবস্থায় শিক্ষক নিবন্ধন সনদের জন্য আলাদা করে কোনো পরীক্ষা দিতে হবে না প্রার্থীদের।

নতুন পরিকল্পনা অনুযায়ী, সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং আগ্রহী প্রার্থীরা তাতে আবেদন করবেন। আবেদন যাচাই শেষে প্রার্থীদের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এই দুই ধাপে উত্তীর্ণ হলেই সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগের জন্য উপযুক্ত হিসেবে বিবেচনা করা হবে।

এনটিআরসিএর চেয়ারম্যান আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রথমবারের মতো সরাসরি শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ইতোমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্যপদের চাহিদা সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে এবং অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি জারি করা হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে তিনি জানান, নির্দিষ্ট তারিখ বলা সম্ভব না হলেও এক সপ্তাহের মধ্যেই এটি প্রকাশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে বর্তমানে মোট ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদ রয়েছে। যাচাই-বাছাই শেষে এসব পদ অন্তর্ভুক্ত করে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নতুন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া শেষে ২০০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষা নেওয়া হবে। এই ধাপে উত্তীর্ণ প্রার্থীরা ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর অর্জন বাধ্যতামূলক থাকবে। এরপর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরই এনটিআরসিএ থেকে শিক্ষক পদে নিয়োগের জন্য সনদ দেওয়া হবে।

বর্তমানে দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩৪ হাজার ১২৯টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত আছেন।