প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬ ১২:৩১ (মঙ্গলবার)
সিলেটে ৭০ লাখ টাকার জিরা-মহিষ জব্দ

সিলেটের সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মহিষ জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন, ১৯ বিজিবি। সোমবার (২০ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত এসব অভিযানে মোট ৬৯ লাখ ৯০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার সীমান্ত পিলার ১৩১৬ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাইনপুর এলাকায় একটি পরিত্যক্ত গুদামে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়, যার সিজার মূল্য ধরা হয়েছে ৫৯ লাখ ৪০ হাজার টাকা।

এরপর সকাল আনুমানিক ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় গুয়াবাড়ী বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় তিনটি ভারতীয় মহিষ জব্দ করে। জব্দকৃত এসব মহিষের মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা বলে জানানো হয়েছে।

দুটি অভিযানে জব্দ হওয়া মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ৬৯ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা জোরদার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।