প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬ ১২:৪৯ (মঙ্গলবার)
সিলেটের স্কুল ছাত্রী ‘প্রেমের ফাঁদে’ ঢাকায়: ১৪ দিন পর উ/দ্ধার

সিলেটের মোগলাবাজার থানা এলাকায় নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় অপহরণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সিলেটের মোগলাবাজার থানাধীন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুলের নবম শ্রেণির এক ছাত্রী গত ৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন (৭ এপ্রিল) তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করে।

পরবর্তীতে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই শিহাব মাহমুদ তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর জেলার কাশিমপুর এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

এ সময় পূর্ব শ্রীরামপুর এলাকার মৃত শাহীন আহমদ মোসাহিদের ছেলে মাহদী হাসান মুন্না (২০)-কে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, পরিবারের দাবি অনুযায়ী কৌশলে প্রেমের ফাঁদে ফেলে প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক যুবককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।