প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ ১৫:২৬ (বুধবার)
পরিবহণে ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

বাস-ট্রাকসহ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন বাস ভাড়া নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সভায় নতুন ভাড়া নির্ধারণ করা হয়নি।

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি জানিয়েছেন, পরিবহণ খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। সম্প্রতি ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দর বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশ ও যানবাহন রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে গেছে। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে।

এর আগে, গত রোববার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাস ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। রাত ১০টার দিকে বৈঠক শেষ হয়। এতে বিআরটিএ কর্মকর্তা, পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া বিষয়ে একটি খসড়া প্রস্তাব করা হয়েছে, যা মন্ত্রণালয় থেকে চূড়ান্ত হয়ে নির্দিষ্ট কত ভাড়া বৃদ্ধি হবে তা জানা যাবে।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়। নতুন দামে ডিজেল লিটারে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।