ছবি: সংগৃহীত
ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিলে আবার আলোচনায় বসতে রাজি রয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি এ কথা জানিয়েছেন।
ইরানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে।’
তবে নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে বলে শর্ত দিয়েছেন ইরানি রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘নতুন কোনো আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে।’
ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে উল্লেখ করে ইরাভানি বলেন, ‘তারা যদি রাজনৈতিক সমাধান চায়, তবে আমরা প্রস্তুত। আর যদি তারা যুদ্ধ চায়, ইরান সেটির জন্যও তৈরি।’
এদিকে, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতিতে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান এ দাবি নাকচ করে জানিয়েছে, ইরান কখনও যুদ্ধবিরতি চায়নি।
বিভিন্ন সূত্রের বরাতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্যও কোনো অনুরোধ করেনি ইরান।