প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬ ১৬:৪৩ (বৃহস্পতিবার)
দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে

সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান জুনেল (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে তেলিবাজার এলাকার ঢাকা-সিলেট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় তার সাথে থাকা ছেলে এমন দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সময় জুনেল আহমদ তার ক্লাস ৩ পড়ুয়া ছেলে লাবিবকে স্কুল থেকে নিয়ে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। তিনি একটি বিদ্যুতের খুঁটি বহনকারী গাড়ি (লং ভেহিকেল) ওভারটেক করতে গেলে রাস্তার একটি গর্তে মোটরসাইকেল পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গাড়ির চাকার নিচে পিষ্ট হন। দুর্ঘটনার সময় তার ছেলে ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে কিছুটা আঘাত পেয়েছেন।

ঘটনাস্থল থেকে দক্ষিণ সুরমা থানার এসআই ময়নুল জানান, জুনেলের মাথায় হেলমেট ছিল না। নিয়ন্ত্রণ হারানোর কারণে গাড়ির চাকার নিচে পড়ে তার মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই ময়নুল জানান,নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি জানান, বিদ্যুতের খুঁটি বহনকারী লং ভেহিকেলটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, “আমরা বারবার হেলমেট পড়ার কথা বললেও মোটরসাইকেল চালকরা শুনেন না। যদি আজ হেলমেট থাকতো, হয়তো এত বড় ক্ষতি তার পরিবারের হতো না। নিহতের ছেলে ঘটনার পর থেকে বাকরুদ্ধ। কোন কথা বলতে পারছে না। নির্বাক তাকিয়ে আছে বাবার নিথর দেহের দিকে। তার মাথায় কিছুটা আঘাত পেয়েছে। তাকে বাসায় পাঠানো হয়েছে।“