প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬ ১৯:৪২ (বৃহস্পতিবার)
সিরিজ জিতল বাংলাদেশ, বিশ্বকাপের পথে এগিয়ে টাইগাররা

ছবি: সংগৃহীত

টানা দুই ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। গত মাসে পাকিস্তানকে হারানোর পর এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে পরাজিত করে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। এর ফলে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজের ‘অঘোষিত ফাইনালে’ টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০৬ রানের দুর্দান্ত সেঞ্চুরি এবং লিটন দাসের ৭৬ রানের ঝকঝকে ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় স্বাগতিকরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। ৮ রানেই প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলীয় ৬১ রানে বিদায় নেন অধিনায়ক টম ল্যাথাম। ওপেনার নিক কেলি ৫৯ রান করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। শেষদিকে ডেন ফক্সক্রফট ৭২ বলে ৭টি ছক্কায় ৭৫ রানের ঝড়ো ইনিংস খেললেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ২১০ রানে অলআউট হয় সফরকারীরা।

বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বোলিং করেন মোস্তাফিজুর রহমান। তিনি ৯ ওভারে ৪৩ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট। এছাড়া নাহিদ রানা ও মেহেদি হাসান মিরাজ নেন দুটি করে উইকেট।

৫৫ রানের জয় নিশ্চিত করে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে এই জয় টাইগারদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ ৮ দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। অন্যথায় বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে।