ছবি: পিআইডি, সিলেট।
সিলেটে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পুষ্টি মানুষের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মৌলিক উপাদান এবং এটি একটি জাতির সামগ্রিক অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
তিনি বলেন, পুষ্টিহীনতার কারণে শিশু-কিশোররা মেধা ও সক্ষমতার দিক থেকে প্রতিযোগিতামূলক বিশ্বে পিছিয়ে পড়ছে। তাই সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে ছোটবেলা থেকেই পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলা জরুরি।
তিনি আরও বলেন, পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়াতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মা-বাবাদের শিশুদের খাদ্যাভ্যাসের প্রতি আরও যত্নবান হতে হবে এবং স্থানীয়ভাবে সহজলভ্য পুষ্টিকর খাদ্য গ্রহণে উৎসাহিত করতে হবে।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন বলেন, অনুপযুক্ত খাদ্যাভ্যাস এবং প্রক্রিয়াজাত খাবারের প্রতি অতিরিক্ত ঝোঁক নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি শিশু-কিশোর, গর্ভবতী মা ও প্রবীণসহ সকল বয়সী মানুষের পুষ্টি নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. নুসরাত জাহান চৌধুরী, জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরিফুল হক আকন্দসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।