প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬ ২১:৫৮ (শনিবার)
ওয়াশিংটন- তেহরান আলোচনা হবে, তবে সরাসরি নয়

ছবি: সংগৃহীত

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ইরানি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে।

তবে একটি মার্কিন সূত্র এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই দফার আলোচনায় সরাসরি কোনো যুক্তরাষ্ট্র প্রতিনিধি উপস্থিত থাকবেন না। এটি হবে পরোক্ষ কূটনৈতিক আলোচনা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি প্রথমে পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি ওমানের রাজধানী মাস্কাট এবং রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে সফরে যাবেন।

এই সফরগুলোকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে ইরানের একটি কৌশলগত কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান আশা করছে, এই প্রাথমিক আলোচনা সফল হলে তা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আনুষ্ঠানিক আলোচনার পথ খুলে দিতে পারে। এর আগে ১১ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

তবে এবারও সরাসরি আলোচনা না হওয়ায় দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি রয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ ইস্যু এখনো অমীমাংসিত।

অন্যদিকে, পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগকে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, আজকের এই ত্রিপক্ষীয় ও পরোক্ষ আলোচনা পরবর্তী সরাসরি আলোচনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।