প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬ ১৩:১৫ (শনিবার)
সিলেটে ৮০ কিলোমিটার বেগে হতে পারে  কালবৈশাখী ঝড়

দেশের উত্তরের জনপদে শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া অস্থায়ীভাবে বইতে পারে। নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই উত্তপ্ত পরিস্থিতি দেশের কিছু কিছু জায়গায় অব্যাহত থাকতে পারে।

সিনপটিক অবস্থায় দেখা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।