সিলেটে অভিযানকালে চোরাকারবারীদের হামলায় বিজিবি সদস্য নিহতের মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব-৯) সদস্যরা শুক্রবার (২৪ এপ্রিল) গোয়াইনঘাট থানাধীন লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আনু মিয়া (৩৫) গোয়াইনঘাট থানার নয়াগ্রাম এলাকার লিয়াকত আলীর ছেলে। তিনি ওই হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামি।
ঘটনার বিবরণে র্যাব জানায়, ভিকটিম সিপাহি মো. মাসুম বিল্লাহ ৪৮ বিজিবি, সিলেট ব্যাটালিয়নের পান্থুমাই বিওপিতে কর্মরত ছিলেন। গত বছরের ০৯ আগস্ট আহারকান্দি, আমবাড়ী এলাকায় ইছামতি নদীতে চোরাচালান অভিযানকালে একটি মালবাহী নৌকা বিজিবির নৌকাকে ধাক্কা দিলে তিনি নদীতে পড়ে যান এবং অস্ত্রসহ নদীর গভীরে তলিয়ে যান। পরবর্তীতে ২৪ ঘণ্টা পর নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আনু মিয়ার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে তাছাড়া ওই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।