প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬ ১৭:০১ (শনিবার)
সিলেটে চলছে ব্যাপক ধরপাকড়: ১২৩ জন গ্রে/ফ/তা/র, জব্দ ৪১টি গাড়ি

সিলেটে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চলছে ব্যাপক ধরপাকড়। গত ৩২ ঘন্টায় ১২৩ জনকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন অপরাধে। তাছাড়া জব্দ করা হয়েছে ৪১টি গাড়ি। 

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) ২৪ ঘন্টার মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এবং ট্রাফিক পুলিশ নানা অভিযানে অংশ নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামী, ওয়ারেন্টভুক্ত আসামী, মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃতসহ সর্বমোট ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

যার মধ্যে, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার ০৯ জন, ০৬ জনকে ওয়ারেন্ট মোতাবেক, মোগলাবাজার থানার পুলিশ ১ জনকে বিনা পরোয়ানায় এবং মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৪৭ জনকে মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, ট্রাফিক বিভাগের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬টি গাড়ির বিরুদ্ধে মামলা প্রদান এবং ৪১টি যানবাহন আটক করা হয়েছে। মামলা প্রদানকৃত গাড়ির মধ্যে রয়েছে বাস ১টি, প্রাইভেটকার ২টি, সিএনজি ৫টি, মোটরসাইকেল ৩৬টি এবং অন্যান্য যানবাহন ২টি। আটককৃত যানবাহনের মধ্যে প্রাইভেটকার ২টি, সিএনজি ৪টি, মোটরসাইকেল ২৯টি ও অন্যান্য যানবাহন ৬টি।

এদিকে, আজ শনিবার (২৫ এপ্রিল) ৮ ঘন্টায় বিভিন্ন থানা ও ডিবি কর্তৃক পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামী, ওয়ারেন্টভুক্ত আসামী, মাদকসেবী ও ব্যবসায়ী, সন্দেহজনক ব্যক্তি এবং হকারসহ ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।

যার মধ্যে নিয়মিত মামলার আসামী ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন, মেট্রো অধ্যাদেশ মোতাবেক ৬ জন, মাদকসেবী ও ব্যবসায়ী ২০ জন, সন্দেহজনক ২০ জন এবং হকার ৪ জন রয়েছেন। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।