প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬ ১৮:৫৩ (শনিবার)
সিলেটে বইমেলা বাতিলের প্রতিবাদে লেখক-সংস্কৃতিকর্মীদের বিবৃতি

ছবি: সংগৃহীত

সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে আয়োজিতব্য বইমেলা বাতিলের প্রতিবাদে লেখক, কবি, গবেষক ও সংস্কৃতিকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) উদ্বোধনের আগের দিন প্রশাসনের নির্দেশে ‘আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা’ দেখিয়ে প্রকাশক পরিষদ, সিলেট-এর উদ্যোগে অনুষ্ঠিতব্য এ বইমেলা বাতিল করা হয়।

বিবৃতিতে বলা হয়, এ সিদ্ধান্তের পক্ষে কোনো সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য কারণ উপস্থাপন করা হয়নি। কারা এবং কী উদ্দেশ্যে এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে, তাও স্পষ্ট নয়। ট্রেড লাইসেন্সধারী প্রকাশকদের একটি পেশাভিত্তিক সংগঠনের সাংস্কৃতিক উদ্যোগকে এভাবে বাধাগ্রস্ত করা সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করা হয়।

লেখক-সংস্কৃতিকর্মীরা প্রশ্ন তোলেন, যদি ‘কে কার সঙ্গে ছবি তুলেছে’ বা অতীতের ব্যক্তিগত যোগাযোগের মতো বিষয়কে ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা আইনের শাসনের পরিপন্থী।

তারা বলেন, একটি বইমেলা কেবল বাণিজ্যিক আয়োজন নয়; এটি পাঠক, লেখক ও প্রকাশকদের মিলনস্থল এবং একটি অঞ্চলের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।

বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ বা সহিংসতার ইতিহাস না থাকা সত্ত্বেও ‘নিরাপত্তাহীনতা’কে অজুহাত হিসেবে ব্যবহার করা উদ্বেগজনক। এ ধরনের প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে স্বাধীন সাংস্কৃতিক উদ্যোগগুলোও বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

তারা বইমেলার মতো সাংস্কৃতিক কর্মকাণ্ডকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে, সকল লেখক, প্রকাশক ও সংস্কৃতিকর্মীদের এ বিষয়ে সুস্পষ্ট ও সক্রিয় অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়।

এই বিবৃতিতে দেশের বিভিন্ন প্রান্তের ১৫০ জনের বেশি লেখক, কবি, গবেষক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী স্বাক্ষর করেছেন।