ছবি: বিপ্লব দাশগুপ্ত।
পশ্চিমবঙ্গের ফেলুদাখ্যাত জনপ্রিয় অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অভিনেতার স্ত্রী রুমা দাশগুপ্ত জানান, প্রায় দেড় বছর ধরে নানা জটিল রোগে ভুগছিলেন বিপ্লব। শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের মাঝেই তিনি মৃত্যুবরণ করেন।
দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাট্যজগতের সঙ্গে যুক্ত ছিলেন বিপ্লব দাশগুপ্ত। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘শ্যাডো অফ টাইম’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। এরপর একে একে ফেলুদা, বাইশে শ্রাবণ ও গুমনামি-সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন।
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত দেবতার গ্রাস ছবিতে তিনি একসঙ্গে কাজ করেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহ-এর মতো খ্যাতিমান অভিনেতাদের সঙ্গে।
শুধু চলচ্চিত্র নয়, ছোট পর্দাতেও সমান জনপ্রিয় ছিলেন তিনি। কুয়াশা যখন, রাগে অনুরাগে, সখী ও নেতাজি-সহ একাধিক ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর সম্পন্ন করার পর সাহিত্য, নাটক ও চলচ্চিত্র জগতে পথচলা শুরু করেন বিপ্লব। তিনি ছিলেন একজন দক্ষ আবৃত্তিকারও। কর্মজীবনের শুরুতে স্কুলশিক্ষক হিসেবে কাজ করলেও পরবর্তীতে ভয়েস-ওভার আর্টিস্ট ও বিজ্ঞাপন জগতেও দীর্ঘদিন কাজ করেছেন। শেষ পর্যন্ত অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি।
বিপ্লব দাশগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী ও অসংখ্য ভক্ত। তাঁর প্রয়াণে বাংলা সংস্কৃতি অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো।