সিলেটে হামের প্রকোপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রোগীর সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে যে, শয্যা পরিপূর্ণ হওয়ায় কিছু রোগী হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।
রোববার (২৬ এপ্রিল) সকালে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, দুইজন রোগী মেঝেতে ভর্তি রাখা হয়েছে। ওয়ার্ডে দায়িত্বে থাকা নার্সরা জানান, রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই ওয়ার্ডের শয্যা পুরোপুরি ভর্তি হয়ে গেছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, ১০০ শয্যার হাসপাতালে দুপুর পর্যন্ত ১০৭ জন রোগী ভর্তি আছে।
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শিশুগুলো। এ নিয়ে গত দুই দিনে সিলেটে হামের উপসর্গ নিয়ে মোট পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। চলতি মাসে সিলেট বিভাগে হামের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, রোববার সকাল ৯টা ও ১০টায় দুই শিশুর মৃত্যু হয়। তিনি জানান, শিশুরা হামের উপসর্গ ছাড়াও নানা রোগে আক্রান্ত ছিল। এর আগে শুক্রবার একই দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।