সিলেট নগরে পৃথক অভিযানে অবৈধ ভারতীয় চকলেট ও মদসহ চারজনকে আটক করেছে পুলিশ। জালালাবাদ ও শাহপরান (রহ.) থানা পুলিশের এসব অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে জালালাবাদ থানাধীন হাটখোলা ইউনিয়নের মেঘারগাঁও পয়েন্টে অভিযান চালিয়ে ১ হাজার ৬৫০ পিস অবৈধ ভারতীয় চকলেট ও একটি সিএনজি অটোরিকশাসহ তিনজনকে আটক করে পুলিশ। উদ্ধার করা চকলেটের আনুমানিক মূল্য ৮৫ হাজার ৫০০ টাকা বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সৌন্দরা এলাকার সেকান্দর মিয়ার ছেলে মনির মিয়া (৪৪), বর্তমানে ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে শামসুজ্জামান (৪৫) এবং সিলেট জেলার মোগলাবাজার থানার শিববাড়ী এলাকার আলাউদ্দিনের ছেলে মো. রনি (২১), যিনি সিএনজি চালক।
পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শাহপরান (রহ.) থানাধীন শিবগঞ্জ এলাকায় আরেকটি অভিযানে ১৪ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত সিদ্দিক আমিন (২৮) সিলেট জেলার গোয়াইনঘাট থানার নলজুড়ী (দক্ষিণ বস্তি) এলাকার আঃ জলিলের ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা মদ ৩৭৫ মিলিলিটার করে ১৪ বোতল ‘আইকনিক হোয়াইট’ ব্র্যান্ডের বলে জানায় পুলিশ।
পুলিশ বলছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকেও আদালতে সোপর্দ করা হয়েছে।