সিলেট মহানগরে টানা অভিযানে ৩২ ঘণ্টায় প্রায় একশ জনকে আটক করেছে পুলিশ। বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) দিনভর ২৪ ঘণ্টার অভিযানে মহানগরের বিভিন্ন এলাকায় নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, চোরাচালান ও মেট্রো অধ্যাদেশে মোট ৬৮ জনকে আটক করা হয়। এর মধ্যে নিয়মিত মামলার ৮ জন, ওয়ারেন্টভুক্ত ৫ জন এবং ৪ জন মাদক ব্যবসায়ী রয়েছেন। এছাড়া মেট্রো অধ্যাদেশে ৫১ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, একই সময়ে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস কিটক্যাট ও ৪৫০ পিস ভারতীয় মেন্টোস চকলেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২৫ পিস ইয়াবা ও ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এদিকে ট্রাফিক বিভাগও পৃথক অভিযানে ৫৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয় এবং ৬৬টি যানবাহন আটক করে। মামলাকৃত যানবাহনের মধ্যে বাস, ট্রাক, প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেল রয়েছে। আটক করা যানবাহনের তালিকাতেও একই ধরনের বিভিন্ন যান অন্তর্ভুক্ত রয়েছে।
এরপর সোমবার (২৭ এপ্রিল) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টার অভিযানে মহানগরের বিভিন্ন থানা এলাকায় ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নিয়মিত মামলার ৩ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন, ৮ জন মাদকসেবী, ১ জন ছিনতাইকারী এবং ১২ জন সন্দেহজনক ব্যক্তি রয়েছেন।
পুলিশ বলছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।