সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেড় বছর বয়সী ওই শিশুটি মারা যায়। এ নিয়ে বিভাগে এ ধরনের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। এর আগে রোববার একই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৭২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন রোগী ল্যাব পরীক্ষায় শনাক্ত হয়েছেন এবং একই সময়ে ৩৮ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত বিভাগে মোট ৮০ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে দুইজনের ক্ষেত্রে হাম নিশ্চিত হওয়া গেছে, বাকিরা উপসর্গভিত্তিক সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে।
সন্দেহভাজন রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৩ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন চিকিৎসাধীন আছেন। অন্যরা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।