ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরে খেলার মাঠ ও স্থানীয়দের রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণ প্রতাপপুর এলাকায় আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন, `উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অবৈধভাবে দক্ষিণ প্রতাপপুর মৌজার ১১৪, ৪৬, ৪৪, ৪৫, ৫১, ৫২, ১২০, ১২২, ১২৩, ১১৫, ৯৫ ও ১১৮ দাগের প্রায় ১৬ একর রেকর্ডিয় জমি বালুমহালের অন্তর্ভুক্ত করেছেন। প্রকৃতপক্ষে হাজীপুর বালুমহাল নাম দেওয়া হলেও মূলত হাজীপুরে কোনো বালু নেই। ফলে প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে দক্ষিণ ও উত্তর প্রতাপপুর এলাকার মানুষের বসতি ও আবাদি জমিকে বালুমহাল হিসেবে ইজারা দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে, যা স্থানীয়দের চরম দুশ্চিন্তায় ফেলেছে।’
বক্তারা আরও অভিযোগ করেন, “সরকার যাদের ইজারা দিয়েছে তারা এখনো দখল বুঝে না পেলেও স্থানীয় একটি প্রভাবশালী চক্র ‘বালু খেকো’ হিসেবে মাঠে নেমেছে।”
এই অবৈধ বালু পরিবহনের ফলে এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, গত রোববার রাতে যানজটে আটকা পড়ে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে না পেরে একজন চা-শ্রমিমকের মৃত্যু হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, শ্রী ময়না দেবনাথ, কাদির মৌলভী, শ্রী নিরঞ্জন নাথ, ফখর উদ্দিন, আব্দুল মতিন, আবু বক্কর, ইমতাজুর রহমান প্রমুখ।
সমাবেশ থেকে এলাকাবাসী অবিলম্বে রেকর্ডিয় জমি ও খেলার মাঠকে বালুমহালের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান। অন্যথায় নিজেদের ঘরবাড়ি ও অস্তিত্ব রক্ষায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একই সাথে রাতের আঁধারে বালু লুটপাটকারী চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধনে স্থানীয় কয়েকশত নারী-পুরুষ অংশ নেন।