ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য সিলেটের দুইজনসহ ৪৯ জন বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকায় বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, বিএনপির তালিকায় দলটির কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের একাধিক নারী নেত্রী স্থান পেয়েছেন। তাদের মধ্যে সেলিমা রহমান, নিপুণ রায় চৌধুরী, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক ও আন্না মিনজ উল্লেখযোগ্য।
তালিকায় সিলেট বিভাগের শাম্মী আক্তার এবং জহরত আদিব চৌধুরীও অন্তর্ভুক্ত রয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে মনোনয়ন পাওয়া ১২ জনের মধ্যে রয়েছেন মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মারদিয়া মমতাজ, তাসমিয়া প্রধান ও মাহমুদা আলম মিতুসহ আরও কয়েকজন।
এছাড়া সুলতানা জেসমিন নামে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন পেয়েছেন।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের এই তালিকা প্রকাশ করা হয়েছে। সংরক্ষিত নারী আসনে দলগুলোর সংসদে অর্জিত আসনের অনুপাতে প্রার্থীরা নির্বাচিত হবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনের এই তালিকায় অভিজ্ঞ ও নতুন মুখের সমন্বয় থাকায় জাতীয় রাজনীতিতে নারীর অংশগ্রহণ আরও জোরদার হবে।