প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬ ২০:৪৯ (মঙ্গলবার)
‘এটি ভেনেজুয়েলা নয়’: ইরান

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। তিনি বলেছেন, এই কৌশলগত জলপথে কোনো বিদেশি শক্তির আধিপত্য মেনে নেওয়া হবে না।

তেহরান টাইমসের বরাতে জানা যায়, খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পরিদর্শন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেন, ‘আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি-এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন।’

তিনি আরও বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি ইরান ও এর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি অঞ্চল, তাই এখানে যুক্তরাষ্ট্রের কোনো মতামত বা হস্তক্ষেপের অধিকার নেই।

জেনারেল আসাদি অভিযোগ করে বলেন, ‘শত্রুপক্ষ হরমুজ প্রণালিতে নিজেদের আধিপত্য চাপিয়ে দিতে চাইছে, তবে তা সফল হবে না।’ তার ভাষায়, মার্কিন নেতৃত্বের ‘দাদাগিরি’ আচরণ শুধু আঞ্চলিক দেশগুলোর জন্যই নয়, বরং আমেরিকার জনগণের জন্যও লজ্জাজনক।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের তেলসহ অন্যান্য সম্পদ নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। তবে ইরান ও তার জনগণ এমন যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় এখানে যে কোনো উত্তেজনা বৈশ্বিক তেল বাজার ও অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে।