প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬ ২০:৫৪ (মঙ্গলবার)
ফিফা বিশ্বকাপের প্রাইজমানি বাড়ছে

ছবি: সংগৃহীত

ফিফা ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ও অংশগ্রহণ ফি বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে। চলতি সপ্তাহে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন পাওয়ার কথা রয়েছে।

ফিফা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন আগেই উদ্বেগ প্রকাশ করেছিল যে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে ভ্রমণ, পরিচালন ব্যয় এবং করের কারণে অনেক দলের জন্য আর্থিক চাপ ও ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। এমনকি মাঠে ভালো পারফরম্যান্স করলেও অনেক দলের আয়-ব্যয়ে ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এই প্রেক্ষাপটে ফিফা প্রাইজমানি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এর আগে গত ডিসেম্বরে ২০২৬ বিশ্বকাপের জন্য মোট ৭২ কোটি ৭০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ওই কাঠামো অনুযায়ী, ৪৮টি অংশগ্রহণকারী দলের প্রতিটি অন্তত ১ কোটি ৫০ লাখ ডলার এবং চ্যাম্পিয়ন দল ৫ কোটি ডলার পাওয়ার কথা ছিল।

এখন সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনার পর সেই অর্থ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ফিফার এক মুখপাত্র বলেছেন, ২১১টি সদস্য সংস্থার উন্নয়ন তহবিল এবং অংশগ্রহণকারী দলগুলোর আর্থিক সহায়তা বৃদ্ধির প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ বিশ্ব ফুটবলের আর্থিক কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে এবং বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।