প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬ ১৫:৫৭ (মঙ্গলবার)
সিলেটে যে কারণে আ/ট/ক অর্ধশতাধিক

সিলেট মহানগরজুড়ে একাধিক অভিযানে ৩২ ঘণ্টায় ৫৪ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) দিনভর মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত ব্যক্তি, মাদক সংশ্লিষ্ট অভিযোগ এবং মেট্রো অধ্যাদেশে মোট ৩৪ জনকে আটক করা হয়েছে।

এর মধ্যে নিয়মিত মামলায় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং কোতোয়ালী মডেল থানা এলাকায় একজনকে মাদক ব্যবসার অভিযোগে আটক করা হয়েছে। একই অভিযানে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া বিনা পরোয়ানায় একজনকে আটক এবং মেট্রো অধ্যাদেশে আরও ২৪ জনকে আটক করা হয়।

অভিযান চলাকালে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৮০ বস্তায় প্রায় ২ হাজার ৪০০ কেজি ভারতীয় জিরা এবং ১২টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত আরও ৮ ঘণ্টার অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নিয়মিত মামলার একজন, ওয়ারেন্টভুক্ত একজন, ১০ জন মাদকসেবী এবং ৮ জন সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হচ্ছে এবং মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।