প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬ ১৬:২৭ (মঙ্গলবার)
বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারের তালিকায় এখন বাংলাদেশ: ফুয়েল লোডিং শুরু

নতুন এক অধ্যায়ের সূচনা দেখলো বাংলাদেশ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের এক নম্বর ইউনিটে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো দেশ, যা জ্বালানি খাতে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্টের মাঝামাঝি সময়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে পরমাণু জ্বালানি হিসেবে ইউরেনিয়াম এসেম্বলি দেশে পৌঁছায়। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেগুলো প্রবেশ করানো হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে। এর ফলে পারমাণবিক শক্তি ব্যবহারের সক্ষম দেশগুলোর তালিকায় নতুনভাবে যুক্ত হলো বাংলাদেশ।

জ্বালানি লোডিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বাংলাদেশের এই অগ্রযাত্রাকে স্বাগত জানান। একই অনুষ্ঠানে রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচেভ ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সরকারের নীতিনির্ধারকরা জানিয়েছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের প্রত্যাশা, এই কেন্দ্র কেবল বিদ্যুৎ উৎপাদনেই নয়, জ্বালানি নিরাপত্তা জোরদার, জীবনমান উন্নয়ন এবং অর্থনীতির গতি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট মিলিয়ে মোট উৎপাদন সক্ষমতা ধরা হয়েছে ২ হাজার ৪০০ মেগাওয়াট। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে আগামী বছরের শেষ নাগাদ পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।