প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬ ১৯:১৭ (মঙ্গলবার)
সাড়ে ৪ গ্রাম ইউরেনিয়ামেই ৪১৭ লিটার ডিজেলের সমান শক্তি

ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ক্ষুদ্র আকারের মাত্র সাড়ে ৪ গ্রাম ওজনের একটি ইউরেনিয়াম পেলেট যে বিপুল শক্তি উৎপাদন করতে পারে, তা প্রচলিত জ্বালানির তুলনায় অবিশ্বাস্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিবিসি বাংলা-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিমাণ ইউরেনিয়াম প্রায় ৪১৭ লিটার ডিজেলের সমান শক্তি সরবরাহ করতে সক্ষম। একই পরিমাণ শক্তি উৎপাদনে যেখানে প্রায় ৪০০ কেজি কয়লা বা ৩৬০ ঘনমিটার গ্যাস প্রয়োজন হয়, সেখানে একটি ছোট পেলেটই সেই কাজ করতে পারে।

এ হিসাব অনুযায়ী, এক কেজি নিউক্লিয়ার জ্বালানির শক্তি প্রায় ৬০ টন জ্বালানি তেল বা ১০০ টন কয়লার সমতুল্য। ফলে তেল, গ্যাস ও কয়লার ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প শক্তি হিসেবে ইউরেনিয়ামভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের গুরুত্ব দিন দিন বাড়ছে।

তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ নিরাপত্তা। এ বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিউক্লিয়ার জ্বালানি অত্যন্ত সুরক্ষিতভাবে তৈরি, সংরক্ষণ ও ব্যবহার করা হয়, যাতে কোনোভাবেই তেজস্ক্রিয়তা বাইরে ছড়িয়ে না পড়ে।

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত নিউক্লিয়ার রিয়্যাক্টরের নিরাপত্তা ব্যবস্থাও বহুস্তরবিশিষ্ট। প্রথম স্তরে থাকে ফুয়েল পেলেট, যা বিশেষ প্রক্রিয়ায় তৈরি হওয়ায় তেজস্ক্রিয়তা এর ভেতরেই আবদ্ধ থাকে। দ্বিতীয় স্তরে এই পেলেট জিরকোনিয়াম অ্যালয়ের তৈরি আবরণে মোড়ানো থাকে, যা অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করে। ফলে কোনো কারণে তেজস্ক্রিয়তা বের হলেও তা বাইরের পরিবেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে না।

বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক প্রযুক্তি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে পারমাণবিক বিদ্যুৎ এখন বিশ্বের অনেক দেশের জন্য নির্ভরযোগ্য ও টেকসই জ্বালানি উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।