ছবি: সংগৃহীত
আসন্ন ফিফা বিশ্বকাপ ঘিরে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্ডকে সক্রিয় করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুই রিপাবলিকান কংগ্রেস সদস্য।
শুক্রবার মাইকেল ম্যাককল ও এলাইজাহ ক্রেন এ বিষয়ে একটি চিঠি পাঠান। চিঠিটি পাঠানো হয় মার্কওয়েন মুলিন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং পেন্টাগনপ্রধান পিট হেগসেথ-এর কাছে।
চিঠিতে আইনপ্রণেতারা উল্লেখ করেন, বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আসরে নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন-সংক্রান্ত যেকোনো হুমকি মোকাবিলায় ন্যাশনাল গার্ডকে প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া জরুরি। একটি সমন্বিত ও শক্তিশালী ফেডারেল নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতেই এই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
ম্যাককল ও ক্রেন চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের ১১টি আয়োজক শহরের আকাশসীমা নিরাপদ রাখতে দ্রুত আন্তসংস্থা পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। তাদের মতে, জনবলসংকট এবং আয়োজক শহর ও আয়োজক কমিটির মধ্যে আইনি এখতিয়ার নিয়ে জটিলতা নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে তুলতে পারে। এ পরিস্থিতিতে একটি একীভূত কেন্দ্রীয় নিরাপত্তা কাঠামো গড়ে তোলা প্রয়োজন।
চিঠিতে আরও বলা হয়, দ্রুত মোতায়েনযোগ্যতা এবং দেশজুড়ে কার্যক্রম পরিচালনার সক্ষমতার কারণে ন্যাশনাল গার্ড এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অভ্যন্তরীণ জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের দীর্ঘ অভিজ্ঞতা থাকায় ড্রোন হামলা প্রতিরোধ এবং বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্য প্রশাসনকে তারা কার্যকরভাবে সহায়তা করতে পারবে।
এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স মন্তব্য জানতে চাইলে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, বিচার বিভাগ ও পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার-এ বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনার ঠিক একদিন আগে এই আহ্বান আসে। ওই ঘটনার পর বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।