ছবি: রূপাঞ্জনা মিত্র
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শেষ হয়েছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগে চলছে শেষ মুহূর্তের প্রচার। এমন সময় ধর্ষণের হুমকির অভিযোগ তুলে সরব হয়েছেন টালিউড অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি অভিযোগ করেন, তাকে সরাসরি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। রূপাঞ্জনার দাবি, রাজনৈতিক দল পরিবর্তনের পর থেকেই তিনি নানা ধরনের কটূক্তি ও হুমকির শিকার হচ্ছেন।
তার অভিযোগ অনুযায়ী, তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর সাবেক দলের সমর্থকদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কটূক্তি ও হুমকি আসতে থাকে। তবে এবার পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে বলে তিনি জানান। এ ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
লাইভে এসে অভিনেত্রী বলেন, দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করেছেন। তিনি বলেন, একজন নারী হিসেবে এমন ধরনের মন্তব্য ও হুমকি মেনে নেওয়া যায় না। বিষয়টিকে তিনি আর হালকাভাবে নিচ্ছেন না বলেও জানান।
রূপাঞ্জনা আরও বলেন, রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি অভিযোগ করেন, নারী সুরক্ষার কথা বললেও বাস্তবে সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি অশালীন আচরণ ও হুমকি দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, এমন ভাষা ও আচরণ থেকেই বোঝা যায় ক্ষমতায় গেলে পরিস্থিতি কী হতে পারে।
অভিনেত্রী তার বক্তব্যে আরও কয়েকজন তারকার প্রসঙ্গ টেনে রাজনৈতিক সংস্কৃতি নিয়ে সমালোচনা করেন এবং জানান, যারা তাকে আক্রমণ করেছেন তাদের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ দায়ের করবেন।
শেষে তিনি বলেন, পশ্চিমবঙ্গকে কোনোভাবেই অন্য রাজ্যের মতো পরিস্থিতির দিকে যেতে দেওয়া হবে না।