প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬ ২২:০৫ (বুধবার)
হাওরাঞ্চলে বন্যার আশঙ্কা, কন্ট্রোল রুম খুলেছে পাউবো

ছবি: সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় সুরমা, কুশিয়ারা, ধনু, বাউলাই, ভুগাই ও কংস নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। আগামী তিন দিন এই পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির সম্ভাবনা দেখছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এই সতর্কীকরণ কেন্দ্র মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।

এর মধ্যেই টানা বর্ষণের কারণে সুনামগঞ্জের মধ্যনগরে মঙ্গলবার ভোরে একটি বাঁধ ভেঙে ইকড়াছই হাওরে পানি প্রবেশ করছে। এতে প্রায় ৬৪ হেক্টর জমির বোরো ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে হাওরাঞ্চলে সাময়িক বন্যা মোকাবেলায় কেন্দ্রীয়ভাবে তদারকির জন্য নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করা হয়েছে।

পাউবোর বিজ্ঞপ্তিতে বলা হয়, হাওর অঞ্চলের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কন্ট্রোল রুম চালু থাকবে। এর সার্বিক দায়িত্বে রয়েছেন নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান।

কন্ট্রোল রুমের মাধ্যমে মাঠ পর্যায়ের দপ্তরগুলো থেকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং প্রচার করা হবে।

এছাড়া কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর হিসেবে ০১৩১৮২৩৪৯৬২, ০১৩২১১৩৯৫৪২, ০১৩১৮২৩৪৯৬৩ ও ০১৭০৯৬৫৪৭৯১ এবং ইমেইল ঠিকানা ffwcbwdb@gmail.com ও ffwc05@yahoo.com জানানো হয়েছে।