প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬ ১৯:৫১ (বুধবার)
সিলেটসহ আট বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

সিলেটসহ দেশের আট বিভাগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ সময়ে বজ্রপাতের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী কয়েক ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের প্রবণতাও অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, আগামী ৪ থেকে ৫ দিন দেশজুড়ে ভারী বর্ষণ, বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আগামী ৫ মে থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, বজ্রপাতের সময় খোলা স্থান ও গাছের নিচে অবস্থান না করা এবং নৌযান চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।