প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬ ১৪:৩৪ (বৃহস্পতিবার)
সমালোচনার ঝড়ে বদলে গেল সিলেটের পুলিশ কমিশনারের সেই গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত

সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম জারি করা একটি গণবিজ্ঞপ্তি সমালোচনার মুখে ১২ ঘণ্টার কম সময়ের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় অনলাইন গণমাধ্যম সংক্রান্ত ওই বিজ্ঞপ্তি জারি করা হলেও বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে আগেরটি বাতিল করা হয়।

এর আগে বুধবার সন্ধ্যায় প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অনলাইন নিউজ পোর্টাল যথাযথ নিবন্ধন ছাড়া ভুল, অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এতে আরও উল্লেখ করা হয়, বিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ০১ মে সন্ধ্যা ৬টার মধ্যে নিবন্ধনবিহীন অনলাইন পোর্টালগুলো দেশি বা বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ দেওয়া হলো, অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ওই বিজ্ঞপ্তিতে সাধারণ মানুষকে এসব পোর্টালের সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই এর বৈধতা ও এখতিয়ার নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। সমালোচকদের দাবি, অনলাইন গণমাধ্যমের নিবন্ধন বা বাতিলের ক্ষমতা তথ্য মন্ত্রণালয়ের, পুলিশের নয়। তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া এ ধরনের নির্দেশনা দেওয়া পুলিশের এখতিয়ারের বাইরে বলে মত দেন তারা।

এ বিষয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, পুলিশ কমিশনার আইনের আওতায় এ ধরনের গণবিজ্ঞপ্তি দিতে পারেন। অন্যদিকে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, এটি তথ্য মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা নয়, বরং ২০২১ সালের হাইকোর্টের একটি নির্দেশনার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, অনলাইন পোর্টালের নিবন্ধন বাতিলের বিষয়টি তথ্য মন্ত্রণালয়ের, তবে যেখানে পুলিশের ভূমিকা রয়েছে, সেখানে তারা পদক্ষেপ নিয়েছেন।

তবে এসব ব্যাখ্যার মধ্যেই বৃহস্পতিবার সকালে কমিশনারের স্বাক্ষরিত নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে আগের গণবিজ্ঞপ্তি সিটিএসবি, এসএমপি, ২৫০১ বাতিল করা হয়েছে।