প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬ ১৭:০৮ (বৃহস্পতিবার)
সিলেটে পুলিশের জালে ৮৪ জন

সিলেট মহানগরজুড়ে পৃথক অভিযানে ২৪ ঘণ্টা ও পরবর্তী ৮ ঘণ্টায় মোট ৮৪ জনকে আটক করেছে পুলিশ। নানা অভিযোগ ও অভিযানের ধরন ঘিরে এ সংখ্যা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (২৯ এপ্রিল) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৪৯ জনকে আটক করা হয়। এর মধ্যে নিয়মিত মামলার আসামি ও তদন্তে সন্দেহভাজন ৯ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন, একজন মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় ৩ জন এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী ২৯ জনকে আটক করা হয়েছে। একই সময়ে জালালাবাদ থানা পুলিশের অভিযানে ২৪০০ পিস ভারতীয় কিটকাট চকলেট ও ১২৫ বোতল ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়। এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এরপর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টার অভিযানে ৩৫ জনকে আটক করা হয়। এ সময়ে নিয়মিত মামলার ১২ জন আসামি, একজন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জন মাদকসেবী, ৫ জন জুয়াড়ি, মেট্রো অধ্যাদেশে ৪ জন এবং ৫ জন হকারকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।