প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬ ১৯:২০ (বৃহস্পতিবার)
সিলেটসহ ৮ বিভাগে কালবৈশাখী ও শিলাবৃষ্টির শঙ্কা

ছবি: সংগৃহীত

টানা কয়েকদিনের বৃষ্টিপাতে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম অনেকটাই কমে এসেছে। তাপমাত্রা নেমে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আসায় জনজীবনে স্বস্তি ফিরেছে। তবে এরই মধ্যে দেশের আট বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে।

এ সময় বজ্রপাতের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়। এছাড়া নোয়াখালীর হাতিয়ায় ১১২ মিলিমিটার, নারায়ণগঞ্জে ১০৪, রাজশাহীর বাঘাবাড়ীতে ৮৪, টাঙ্গাইলে ৭৫, পটুয়াখালীতে ৭২, বরিশালে ৭০, ঢাকায় ৬৫ এবং চাঁদপুরে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের প্রায় সব অঞ্চলেই কমবেশি বৃষ্টির দেখা মিলেছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায় ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে। ফলে তাপমাত্রা আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই ঝড়-বৃষ্টির এই সময় সতর্ক থাকার পাশাপাশি পরবর্তী তাপপ্রবাহের জন্যও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা।