প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬ ১৯:৫৮ (বৃহস্পতিবার)
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তবে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দেওয়ায় তা তাৎক্ষণিকভাবে গণনায় ধরা হয়নি।

দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন বৈধ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। পরে তাদের নামে গেজেট প্রকাশ করা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, জোটভিত্তিক আসন বণ্টনের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় কোনো আসনেই ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

বিএনপি জোট থেকে নির্বাচিত ৩৬ নারী সংসদ সদস্যের মধ্যে রয়েছেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোট থেকে নির্বাচিত ১২ নারী এমপি হলেন- নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, ডা. মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

এছাড়া স্বতন্ত্র জোট থেকে সুলতানা জেসমিনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান জানান, আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের দেরিতে জমা দেওয়া মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। আগামী শনিবার তার মনোনয়নপত্র বাছাই করা হবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পূর্ণ না হওয়ায় জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হওয়ার আলোচনা শুরু হলে বিকল্প হিসেবে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র তড়িঘড়ি করে জমা দেওয়া হয়।